স্বাভাবিক স্ট্রিমিংয়ে ফিরছে নেটফ্লিক্স

১৮ মে, ২০২০ ০১:১৭  
গত মার্চে ইউরোপ, ভারত এবং অস্ট্রেলিয়াসহ বেশকিছু দেশে স্ট্রিমিং মান কমিয়ে ফেলা শুরু করে নেটফ্লিক্স। মূলত কোটি কোটি মানুষ করোনাভাইরার লকডাউনের কারণে বাড়িতে থাকায় ইন্টারনেট গতি কমিয়ে দিতে পারে সেই কারণে এই উদ্যোগ নেয়া হয়। তবে এখন ইন্টারনেট পরিস্থিত অনেকটাই স্বাভাবিক। আর তাই নেটফ্লিক্স তাদের ভিডিও কোয়ালিটি পূর্বের মতো ফিরিয়ে আনা শুরু করেছে। খবর ম্যাশেবল। ফ্ল্যাটপ্যানেলসএইচডি জানিয়েছে, ইউরোপের গ্রাহকরা পুনরায় ফোরকে এইচডিআর ভিডিও কোয়ালিটিতে সর্বোচ্চ ১৫ এমবিপিএস ডাটা ট্রান্সফার পাচ্ছেন। ডেনমার্ক, নরওয়ে এবং জার্মানী সুবিধাটি পেলেও কিছু স্থানে আগের মতো সীমাবদ্ধতা রয়েছে। স্পিডটেস্টের তথ্যমতে, গত সপ্তাহে ডেনমার্ক ও নরওয়ের ব্রডব্যান্ড গতি বৃদ্ধি পেয়েছে। নেটফ্লিক্স জানিয়েছে, ভিডিও কোয়ালিটি পুনরায় ফিরিয়ে আনা হচ্ছে। সক্ষমতা বাড়াতে আইএসপিদের সাথে কাজ করছে প্লাটফর্মটি। ইতিমধ্যেই অ্যাপল এবং ইউটিউবও তাদের ভিডিও কোয়ালিটি আগের মতো ফিরিয়ে আনা শুরু করেছে। ডিবিটেক/বিএমটি